– বাবুল (সুবিমল) ভট্টাচার্য
এই আমাদের কালধ্বনি। তেমন কিছুই বলার নেই অথবা এটাই আমাদের অনেক কিছু বলা। নিজের জানা, অন্যদের জানা শেয়ার করে নেওয়া। পরিসরের অভাব নেই। সামর্থ্যের অভাব আছে, দারিদ্র্য নেই। এইটুকু জানি অবিশ্বাসে বাঁচার কষ্ট বইতে পারব না। বিশ্বাস করা যায় এমন মানুষজনই খুঁজি।কালধ্বনিতে এই বিশ্বাস খুঁজে পেতে সময় বা শ্রম কোনটাই বেশি দিতে হয়নি।
কিছুদিন আগে এই শরীর থেকে বরাবরের মত সুব্রত মজুমদার নাগালহীন হয়ে গেল। কালধ্বনির প্রকাশলগ্নের পর, ওই ঘরে যারা ছিলেন নিত্য নিয়মিত, সুব্রত একজন। কালধ্বনি পত্রিকার ঘরে গল্প ও কবিতা পাঠের পর লেখকের সামনেই অকপট বেপরোয়া মন্তব্যে, সুব্রতকে প্রিয়জন করে নিতে অযথা সময় লাগত না। লেখালেখির পাঠ শুধু নয়, নিছক আড্ডায়ও, সুব্রতর সরস মন্তব্যের কোনো কার্পণ্য ছিলনা। আলোচনার ফাঁকফোকরে অহংবোধের চোরাগোপ্তা প্রকাশও দেখিনি। নবাগত বা সদ্য আগত সম-অসম বয়সের বন্ধুটিও হয়ে উঠতেন স্বজন-প্রিয়জন।
সুব্রত, এখন দেখবেনা পড়বেনা ভুল ধরবেনা, এই সুবিধাতেই ওর সম্বন্ধে কিছু মনে পড়া কথা– পরিচয় ত অনেক বছরের, বোধের মিলও ছিল কিছু জায়গায় তবুও গভীরে ঢোকার জন্য কখনও অর্গলমুক্ত ছিলনা, এটা অবশ্য আমারই দুর্বল চল। বইপাড়া, বইমেলায় বা কোনো অনুষ্ঠানে যেখানেই একসাথে হেঁটেছি কত লেখক শিল্পীদের সঙ্গে আলাপচারিতায় ও কুশল বিনিময়ের সূবাদে ওর পরিচিতির সংখ্যা আঁচ করার চেষ্টা করছিলাম । পেশাগত কারণ ছাড়াও নিত্য পড়া ও বিভিন্ন বিষয়ের বই নিখুঁতভাবে পড়া ওর নিয়মিত অভ্যাস । সুব্রতর কাছ থেকে নতুন পুরনো অনেক বইয়ের সন্ধান যেমন পেয়েছি, এ ছাড়াও নিজে আমাদের নিয়ে কিছু বই কিনিয়েও দিয়েছিল, বিষয় নির্দিষ্ট ছিল কিন্তু লেখক নির্বাচনে ছিল ওর মূল্যবান মতামত। আমরা এ ব্যাপারে সপরিবারে সুব্রতর সাহায্য সহযোগিতা পেয়েছি। সুব্রতর এরকম হঠাৎ চলে যাওয়াটা বেশ বেমানান।
ব্যাতিক্রমী জীবন যাপনে অভ্যস্তদের তালিকায় সুব্রতর নাম থাকছেই। কখনো আবার ছল করে আমার বয়স ছোঁয়ার চেষ্টায়, ছল করে বিভিন্ন পছন্দের জিনিসের এমন স্বরে দাবি করত যে মনে হবে আমি ওর চেয়ে ছোট বয়সের ও একান্ত বাধ্যের কেউ, এটা পরক্ষণেই পাল্টে দিয়ে আবার আগের আচরণে ফিরত। একসঙ্গে গানের অনেক অনুষ্ঠানে গিয়ে বেশ কিছু আলাপে ওর সঙ্গীতমনের পরিচয় পেয়েছি, সেটা রবীন্দ্রনাথের গানের ক্ষেত্রেই হোক বা বাংলা গান বলতে সুমন চ্যাটার্জির ক্ষেত্রে। আঁকা চিত্র বা আলোকচিত্র,চলচ্চিত্র এসবের বিষয়ে আলোচনাতে সুব্রতর আগ্রহ ও মন্তব্য শুনতে ভাল লাগত। মনে করব সুব্রত কালধ্বনিতেই।
